
পুলিশ প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। ডিআইজি থেকে অতিরিক্ত পুলিশ সুপার পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম প্রজ্ঞাপনে আটজন এবং দ্বিতীয় প্রজ্ঞাপনে ছয়জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এ তালিকায় রয়েছেন মুহাম্মদ সাইফুল ইসলাম, এ এইচ এম শাহাদাত হোসাইন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মো. সজীব খান, মো. মিজানুর রহমান, মাকসুদা খাতুন, মোহাম্মদ মনিরুজ্জামান এবং মো. রবিউল ইসলাম।
নতুন আদেশ অনুযায়ী, মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ এইচ এম শাহাদাত হোসাইনকে একই প্রতিষ্ঠানে পুলিশ সুপার করা হয়েছে। মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার এবং মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে উপপুলিশ কমিশনার, মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশে পুলিশ সুপার, মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশে পুলিশ সুপার এবং মো. রবিউল ইসলামকে এসবিতে বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, যুগ্মপুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে।
এ তালিকায় রয়েছেন মো. মোয়াজ্জেম হোসেন, মো. সাজ্জাদুর রহমান, মো. আসফিকুজ্জামান আকতার, মো. নাজিমুল হক, মুনশী শাহাবুদ্দীন এবং মো. কামরুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মোয়াজ্জেম হোসেনকে এপিবিএনে ডিআইজি এবং মো. সাজ্জাদুর রহমানকে সিআইডিতে ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। মো. আসফিকুজ্জামান আকতারকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে।
এ ছাড়া মো. নাজিমুল হককে সিলেটের আরআরএফের কমান্ড্যান্ট, মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি এবং মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।