পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পুলিশের বৈধ কাজে কেউ অবৈধভাবে হস্তক্ষেপ বা বাধা প্রদান করতে পারবে না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক বা সামাজিক—যে পরিচয়ই হোক না কেন, পুলিশের কাজে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে একই সঙ্গে পুলিশের কার্যক্রমের কারণে যেন জনভোগান্তি সৃষ্টি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হবে।
মন্ত্রী পুলিশের ভাবমূর্তি ও কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু’—এই প্রচলিত কথাটিকে বাস্তবে রূপ দিতে কাজ শুরু হয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে রাজনৈতিক হস্তক্ষেপের ফলে পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সুষ্ঠু সমাজ বজায় রাখতে পুলিশি ব্যবস্থার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি জানান, সংস্কারের মাধ্যমে পুলিশের মনোবল ফিরিয়ে আনা এবং তাদের পেশাদারত্ব বৃদ্ধি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত এক দশকে ধ্বংস হওয়া বিভিন্ন প্রতিষ্ঠানকে পুনর্গঠন করে দেশকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের যে উচ্চাকাঙ্ক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি নিজে দেশের বিভিন্ন বিভাগে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মনোবল বৃদ্ধিতে কাজ করবেন। অতীতের গ্লানি ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

















