পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত ১৫ ফেব্রুয়ারি (রবিবার) রাত সাড়ে ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে মহিউদ্দিন ও তার ভাতিজা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। তবে মহিউদ্দিন মল্লিক নাসিরের অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।
এদিকে, এই ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাদুরা গ্রামের বাসিন্দা তাকরিম মোল্লাকে (২৫) আটক করেছে স্থানীয় জনতা। আটকের পর তাকে গণপিটুনি দেওয়া হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকরিমকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, এই হামলায় জড়িত সন্দেহে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বাকিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।