৫ আগস্টের গণ-অভ্যুত্থান এবং তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি সত্য গোপন করছেন এবং তার বক্তব্যে স্ববিরোধিতা রয়েছে।
জামায়াত আমির তার পোস্টে উল্লেখ করেন, ৫ আগস্ট ২০২৪-এর ঘটনাবলী নিয়ে রাষ্ট্রপতি অনেক গুরুত্বপূর্ণ তথ্য চেপে গিয়েছেন। সেদিন পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যা জানিয়েছিলেন, বর্তমানে তিনি তা অস্বীকার করছেন। ডা. শফিকুর রহমানের মতে, সেদিন রাষ্ট্রপতি যা বলেছিলেন, বর্তমান সাক্ষাৎকারে তার সম্পূর্ণ উল্টো কথা বলছেন।
রাষ্ট্রপতির বর্তমান ও পূর্ববর্তী অবস্থানের তুলনা করে ডা. শফিকুর রহমান ফেসবুক পোস্টে সরাসরি প্রশ্ন তোলেন। তিনি লেখেন:"কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন, আর এখন যা বলছেন, তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?"
রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন একজন ব্যক্তির কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি কঠোর ভাষায় বলেন, "জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।" মূলত একটি জাতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি পদত্যাগপত্রের দালিলিক প্রমাণ নিয়ে যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতেই এই তীব্র প্রতিক্রিয়া দেখালেন তিনি।