দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৮ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, দুদকের সহকারী পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মিনহাজ বিন ইসলাম তদন্তের স্বার্থে এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জুনাইদ আহমেদ পলক ও তাঁর স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৯ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদকের তদন্তে আরও দেখা গেছে, আরিফা জেসমিনের নামে দেশের বিভিন্ন ব্যাংকের ৩১টি হিসাবে মোট ২২ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৯৭৯ টাকা জমা এবং ১৭ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ৮৭৭ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এই বিপুল অঙ্কের লেনদেনকে অত্যন্ত সন্দেহজনক বলে মনে করছে দুদক।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরিফা জেসমিনের ২০০৮-০৯ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত দীর্ঘ সময়কালের আয়কর নথি জব্দের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ সাবেক প্রতিমন্ত্রী পলক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছিল।