পরাজিত বিএনপি-বিদ্রোহী সমর্থকদের সংঘর্ষে ওসমানের মৃত্যু

বাগেরহাটের কচুয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপি ও বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে গুরুতর আহত ওসমান সরদার (২৯) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ওসমান নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা এম এ এইচ সেলিমের (ঘোড়া প্রতীক) একনিষ্ঠ সমর্থক ছিলেন।
গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে ধানের শীষ ও ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ওসমানসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।
নিহতের বড় ভাই এনামুল কবির সরদারের অভিযোগ, “ধানের শীষ প্রতীকের সমর্থকরা পরিকল্পিতভাবে ঘোড়া প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ওসমানের মাথায় আঘাত করা হয়।” গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে খুলনায় স্থানান্তর করা হয়েছিল।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, “মৃত্যুর খবর পাওয়ার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।”
উল্লেখ্য, বাগেরহাট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়েছিলেন সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। তবে অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে দুই প্রার্থীকেই পরাজিত করে এই আসনে বিজয়ী হন জামায়াত মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।

















