বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির প্রধান এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে নির্বাচনের আগে তিনি নিজের বর্তমান পদ থেকে সরে দাঁড়ানোর প্রয়োজনীয়তা দেখছেন না।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
তামিম ইকবাল বলেন, "আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। তবে অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করার কথা ব্যক্তিগতভাবে চিন্তা করিনি। আমি গঠনতন্ত্র অনুসরণ করব। প্রথম দিন থেকেই আমার লক্ষ্য ছিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং সেই সিদ্ধান্তে আমি অটল।"
তিনি আরও যোগ করেন, "গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে, আমি সেটাই অনুসরণ করব। বিসিবির অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে আসার সময় থেকেই আমার পরিকল্পনা ছিল একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এবং নিজে সেখানে অংশ নেওয়া।"
গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে, যার প্রধান করা হয় তামিমকে। এই কমিটির মূল দায়িত্ব ছিল ৯০ দিনের (৩ মাস) মধ্যে নির্বাচন আয়োজন করা।
তামিম ইকবাল জানান, আগামী রোববার (৩ মে) বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন নিয়ে সংশয় দূর করে তামিম বলেন, "ফেয়ার ইলেকশন নিয়ে আমরা অনেক কথা বলেছি। আমি এতটুকু আশা করি এবং কথা দিচ্ছি যে, ইনশাআল্লাহ আমাদের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।"