সরকার পতনের ছয় মাস পর নেপালে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় নেপালে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাজধানী কাঠমান্ডুর সড়কে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
দেশটির সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি সভার নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ১ কোটি ৯০ লাখ। এর মধ্যে ৮ লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। তারা সরাসরি ভোট এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সমন্বয়ে ২৭৫ জন সংসদ সদস্য নির্বাচন করবেন।
এবার নির্বাচনে সাড়ে ৩ হাজারের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে হাজারের বেশি ৪০ বছরের কম বয়সী প্রার্থী রয়েছেন।
দীর্ঘদিনের প্রধান দুটি রাজনৈতিক দলের সাথ এবার নির্বাচনে অংশ নিয়েছে নতুন একটি দল। এই দলের নেতৃত্বে আছেন সাবেক র্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ। ক্ষমতাচ্যুত কে পি শর্মা অলিও প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। দুজনই লড়ছেন দেশটির পূর্বাঞ্চলীয় শহর ঝাপা থেকে।
ভোট গ্রহণ শেষ হওয়ার পর নেপালের দুর্গম পার্বত্য অঞ্চল থেকে ব্যালট বাক্স পরিবহন করা একটি বড় লজিস্টিক চ্যালেঞ্জ। তবে প্রধান নির্বাচন কমিশনার রাম প্রসাদ ভান্ডারি জানিয়েছেন, সরাসরি নির্বাচনের প্রাথমিক ফলাফল ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে।
পূর্ণাঙ্গ ফলাফল আসতে কয়েক দিন সময় লাগতে পারে। আর জোট সরকার গঠনের আলোচনা যদি জটিল হয়, তবে সময় আরও বেশি লাগতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনে কোনো একক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম।
গত সেপ্টেম্বরে নেপালে জেন–জি আন্দোলনে কে পি শর্মা অলির সরকারের পতন হয়। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান হিসেবে শপথ নেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি।