
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মতপার্থক্য কাটেনি। মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব দিলেও শ্রমিকরা দাবি করছেন ২২ হাজার টাকা। দুই পক্ষের বিপরীতমুখী অবস্থানের কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সভা শেষে বিষয়টি জানানো হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি পোশাকশিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হয়।
মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, চারটি গ্রেডে মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
অন্যদিকে শ্রমিকপক্ষের প্রস্তাবে গ্রেড-১-এর জন্য ৩৫ হাজার, গ্রেড-২-এর জন্য ৩০ হাজার, গ্রেড-৩-এর জন্য ২৭ হাজার এবং গ্রেড-৪-এর জন্য ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি চাওয়া হয়েছে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) টানা সাড়ে ৯ ঘণ্টার বৈঠকে মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। ওই বৈঠকে শ্রমিকপক্ষও তাদের আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকায় নিয়ে আসে।
তবে মালিকদের দেওয়া প্রস্তাবে সন্তুষ্ট হতে পারেননি শ্রমিক প্রতিনিধিরা। তাদের মতে, প্রস্তাবিত মজুরি গ্রহণযোগ্য নয়। দুই পক্ষের দাবির মধ্যে বড় ব্যবধান থাকায় সমঝোতা হয়নি। পরবর্তী বৈঠকে নতুন করে আলোচনা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবারের বৈঠকেও অবস্থানের পরিবর্তন না আসায় মজুরি নির্ধারণে কোনো চূড়ান্ত সুপারিশ দিতে পারেনি বোর্ড। ফলে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কত হবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।