
নীলফামারীতে বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ মাসের এক শিশু ও এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) ভোররাতে কিশোরগঞ্জ উপজেলা থেকে টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নীলফামারী সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকা থেকে ১৫-১৬ জন বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কিশোরগঞ্জ উপজেলার যুগিপাড়ায় যায়। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার ভোরে নববধূকে নিয়ে বাড়ি ফিরছিল দলটি। পথে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং মাইক্রোবাসটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু জীবন ও তরুণ রিয়াদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বর-কনেসহ আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।