নিহত খামেনির শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সেই সঙ্গে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন।
শুক্রবার (৬ মার্চ) সকালে স্বাক্ষরের পাশাপাশি ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এসময় তিনি বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে এক পবিত্র আমানত- এই উপলব্ধি থেকেই তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেখানোর আহ্বান জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান।

















