নির্বাচিত সংসদের মধ্য দিয়েই গণতান্ত্রিক যাত্রা শুরু হবে: ফারজানা পুতুল

নাটোর-১ আসনের বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দেয়ার জন্য অপেক্ষা করেছে। বিগত সময়ে ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত রাখা হয়েছে। আগামী ১২ তারিখ নির্বাচনের মাধ্যমে দেশ আবার গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করবে।
মঙ্গলবার লালপুর উপজেলার ওয়ালিয়া হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পুতুল বলেন, ‘আমরা দিনের পর দিন সংগ্রাম করেছি, স্বপ্ন দেখেছি একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার। সেই সুযোগ এবার এসেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া- দেশের প্রতিটি মানুষ নিজের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে এবং নির্বাচিত সংসদের মধ্য দিয়েই গণতান্ত্রিক যাত্রা শুরু হবে।‘
তিনি অভিযোগ করেন, অনেকেই এখন ভোট চাইছেন, কিন্তু তাদের কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। কেউ কেউ বিএনপির নাম ভাঙিয়ে অন্য মার্কায় ভোট চাইছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির নাম ব্যবহার করবেন না। আমরা দিনরাত পরিশ্রম করছি এমন একটি বাংলাদেশের জন্য যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে।’
নারী অধিকার প্রসঙ্গে পুতুল বলেন, বিএনপি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায়। ঘরে বসে যারা দেশ গঠনে ভূমিকা রাখছেন, তাদেরও যথাযথ স্বীকৃতি দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘অতীতে তথাকথিত রাজনীতিবিদরা রাজনীতিকে কলঙ্কিত করেছে। আমাদের নেতা তারেক রহমান যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সেই পথে কেউ বাধা হলে জনগণ আর ছাড় দেবে না।’
প্রয়াত বাবা সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, তার মৃত্যুর পর এলাকার উন্নয়ন থেমে গেছে। নির্বাচিত হলে আবারও সেই উন্নয়নের ধারা ফিরিয়ে আনা হবে।
জনসভায় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশীদ পাপ্পু, ইফতেখার আরশাদ প্রতীকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

















