নির্বাচনি প্রচারণায় জামায়াতকর্মীদের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত

ভোলার চরফ্যাশনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নের নির্বাচনি প্রচারণায় জামায়াত-শিবির কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নের মৃধাবাড়ির মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিএনপির অন্তত ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে আহম্মদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নিরব মিয়াজীর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার রাতে চরফ্যাশন প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আখতার মঈন অভিযোগ করেন, বৃহস্পতিবারের পথসভাকে কেন্দ্র করে নেতাকর্মীরা প্রচারণা চালানোর সময় জামায়াত নেতা আবুল কাসেমের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল বিএনপির বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিতে থাকে। যুবদল নেতা জাহাঙ্গীর ও স্বেচ্ছাসেবক দল নেতা নিরব এতে বাধা দিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জামায়াত-শিবির কর্মীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
মঈন আরও অভিযোগ করেন, জামায়াত কর্মীদের সাথে কালো মাস্ক ও কালো পোশাক পরিহিত কিছু বহিরাগত আওয়ামী লীগ ও যুবলীগের ক্যাডাররাও অংশ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। তিনি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে অভিযোগ অস্বীকার করে জামায়াতের আমীর মীর শরিফ হোসেন দাবি করেছেন, বিএনপি কর্মীরাই উল্টো তাদের ওপর হামলা চালিয়েছে, যা তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে ইতোমধ্যে জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

















