রাজধানী তেহরানসহ ইরানের কয়েকটি বড় শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের রাষ্ট্রপতি কোথায়, কী অবস্থায় আছেন তা নিয়ে গুঞ্জন চলছে। এ পরিস্থিতিতে দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ‘নিরাপদে ও সুস্থ’ আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা ও দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি ও ইসনার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ‘রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান নিরাপদ ও সুস্থ আছেন। তার কোনও সমস্যা হয়নি।’
এর আগে, ইরানের সরকারবিরোধী লন্ডন-ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এখন পর্যন্ত এই হামলায় হতাহতের কোনও তথ্য দিতে পারেনি সংবাদমাধ্যমটি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইএনএনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জানায়, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে হামলা শুরু হয়।
আইআরআইএনএনে খামেনির পূর্বে রেকর্ড করা ভিডিও প্রচার করা হয়েছে। এতে তিনি ‘শত্রুদের’ বিরুদ্ধে ‘জাতীয় ঐক্যের’ আহ্বান জানিয়েছেন।