বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নারী সমাজ আগামী নির্বাচনে জামায়াতে ইসলামকে প্রত্যাখ্যান করবে।
বুধবার নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেল ঘরিয়া ইউনিয়নের ত্রিমহনী বাজারে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
দুলু আরও বলেন, জামায়াতের আমির নারীদের অসম্মান করে যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক। সারাদেশে নারী সমাজ তার বক্তব্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না।
‘দেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী, আমাদের নবী (সাঃ) ইসলামে উল্লেখ করেছেন, উনি নিজেও আমাদের মেয়েদেরকে সম্মানিত করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে মেয়েদেরকে অসম্মান করছে একটি দল, উল্লেখ করেন দুলু।
প্রচার সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ বিএনপির নেতৃবৃন্দ।