নারী ফুটবল লিগে প্রথমবারই রাজশাহী স্টার্সের বাজিমাত

অভিষেক মৌসুমে নারীদের ফুটবল লিগের শিরোপা জিতেছে রাজশাহী স্টার্স এফসি। শুক্রবার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ আর্মি এসসিকে ৩-০ গোলে হারিয়েছে রাজশাহীর মেয়েরা।
প্রথমার্ধে দুই দলের লড়াই হয়েছে জমজমাট। রক্ষণাত্মক ফুটবল খেলেছে দুই দল। এ অর্ধে গোল পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়তে থাকে রাজশাহীর।
ম্যাচের ৪৭তম মিনিটে সুরভী আকন্দ প্রীতির গোলমুখে বাড়ানো আড়াআড়ি পাস গোলকিপার ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি। অনায়াসে ফাঁকা পোস্টে জাল জড়িয়ে দেন আলপি আক্তার।
রাজশাহী ব্যবধান দ্বিগুণ করে দ্রুতই। ৫৮তম মিনিটে বাম দিক থেকে ঋতুপর্ণা চাকমার বাড়ানো ক্রসে দৃষ্টিনন্দন ভলিতে লক্ষ্যভেদ করেন শাহেদা আক্তার রিপা। শেষ দিকে রিপার ক্রসে আলপির হেড পাস পেয়ে ঋতুপর্ণা লক্ষ্যভেদ করলে শিরোপা নিশ্চিত হয়ে যায় রাজশাহীর।
এদিন রাজশাহী স্টারস তাদের দলে শক্তি বৃদ্ধি করতে নেপালি খেলোয়াড় বিমলা বিওকে এবং দীপা শাহিকে স্কয়াডে নেয়।
শিরোপা নিশ্চিত করতে একটি পয়েন্ট দরকার ছিল তাদের, আর শিরোপা লড়াইয়ে প্লে-অফে টেনে নিতে বাংলাদেশের সেনাবাহিনীর প্রয়োজন ছিল জয়। ১০ ম্যাচের সবগুলো জিতে ৩০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো তারা।
যদিও আর্মি দল জয়ের জন্য প্রাণপণ চেষ্টা করেছে। প্রথমার্ধে বেশিরভাগ সময় বলের নিয়ন্ত্রণে ছিল তাদের, শেষ পর্যন্ত তারা শিরোপা জয়ের সুযোগ পায়নি।

















