নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে নিজের স্টুডিওতে দিনভর আটকে রেখেছিলেন নোবেল। অভিযোগ রয়েছে, সেখানে ওই তরুণীকে জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেন তিনি।
এই ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।
তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পিবিআই-এর এসআই নুরুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের ভিত্তিতে আদালত নোবেলসহ মোট ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন। একই সঙ্গে আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার জন্য ডেমরা থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়।
ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "আদালতের ওয়ারেন্ট অনুযায়ী আমরা প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করেছি। বর্তমানে তাকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"