নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৬ জন। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে ১৩ জন বাসের আরোহী ও অপর জন ট্রাক চালক রয়েছেন। এর মধ্যে একজন কন্যাশিশুও রয়েছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন।
নাটোরর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল আলম বলেন, ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পৌর এলাকায় একটি বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বরিশাল থেকে রাজশাহীগামী আরপি স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত ২৬ জনকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি ক্লিনিক, নাটোর জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল এবং সকালে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।