নাটোরের অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাঁচাগোল্লার তৈরির অভিযোগে একটি কারখানা স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে। এছাড়াও আনুমানিক চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করার পাশাপাশি কারখানা মালিককে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নাটোর শহরের লালবাজার এলাকার জয়কালিবাড়ীতে অবস্থিত দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এসময় কারখানায় তেলাপোকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করতে দেখা যায়। এ ঘটনায় জয়কালিবাড়ী দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে সাজা দেন ভ্রাম্যমান আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম আলী।
তিনি জানান, ‘প্রতিষ্ঠানটির কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরি এবং সংরক্ষণ করা হচ্ছিল। খাদ্যপণ্যের আশপাশে অসংখ্য তেলাপোকা ঘুরে বেড়াচ্ছিল। পাশাপাশি মেঝেতে উন্মুক্ত অবস্থায় বিভিন্ন খাদ্যপণ্য পড়ে থাকতে দেখা যায়।’
অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ কুন্ডু নিজের দোষ স্বীকার করেন। পরে বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়ালে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত ও সংরক্ষিত খাদ্যপণ্য জব্দ করে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পলাশ কুমার বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাঁচাগোল্লা উৎপাদন করা হলে এ ঐতিহ্যবাহী পণ্যের প্রতি মানুষের আস্থা কমে যাবে। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, নাটোর সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী মো. বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।