টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে পাকিস্তান হেরেছে ৬১ রানের বিশাল ব্যবধানে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইন্ডিয়ার কাছে কার্যত ‘অসহায় আত্মসমর্পণ’ করেছে পাকিস্তান। ভারতের কাছে এমন হারের পর পাকিস্তান ক্রিকেটের কঙ্কালসার চিত্র নিয়ে ক্ষোভ জানিয়েছেন শোয়েব আখতার।
ভারতের ১৭৫ রানের জবাবে পাকিস্তান মাত্র ১১৪ রানে গুটিয়ে যাওয়ায় ক্ষুব্ধ শোয়েব আখতার পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নকভিকে ‘অযোগ্য’ ও ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেছেন।
ম্যাচ শেষে এবিপি নিউজকে দেয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, আমরা ম্যাচের কোথাও ছিলাম না। শাহিন আফ্রিদি ১২৫ কিমি গতিতে বল করছে, এটি আধুনিক ক্রিকেটের চাহিদা নয়। গত ১৫-২০ বছর ধরে আমাদের ক্রিকেটে কোনো বিনিয়োগ নেই। আজ আমরা ভারতকে হারানোর স্বপ্নও দেখতে পারি না।
পিসিবি প্রধানকে তিনি বলেন, এক ব্যক্তি যিনি ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না, তাকে পিসিবি চেয়ারম্যান করা হয়েছে। অযোগ্য মানুষকে বড় দায়িত্ব দেয়া হলো সবচেয়ে বড় অপরাধ। বাবর আজমকেও এক হাত নিয়েছেন শোয়েব। তিনি বলেন, পাকিস্তান এমন একজনকে সুপারস্টার বানিয়েছে যিনি দলকে ম্যাচ জেতাতে পারেন না।
টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত ১৭৫ রান করে। ওপেনার ইশান কিশান মাত্র ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব ৩২ রান এবং শিবম দুবে করেন ২৭ রান। পাকিস্তানের পক্ষে সাইম আইয়ুব ৩ উইকেট নিলেও বাকি বোলাররা ভারতীয় ব্যাটারদের ওপর চাপ বাড়াতে পারেননি।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহর তোপে মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা পাকিস্তানর অবস্থা। সাহিবজাদা ফারহান শূন্য রানে এবং সাইম আইয়ুব মাত্র ৬ রানে আউট হন। বাবর আজম ধীরগতিতে শুরু করলেও অক্ষর প্যাটেলের বলে ৫ রানেই বিদায় নেন। উসমান খান ৩৪ বলে ৪৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও অক্ষর প্যাটেলের স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন।
এরপর কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও তিলক বর্মার ঘূর্ণিতে বালু বাঁধের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ভারতের পক্ষে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
এই জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের রেকর্ড দাঁড়ালো ৮-১। ভারত ইতোমধ্যে অপরাজিত থেকে সুপার এইট নিশ্চিত করেছে। অন্যদিকে, পাকিস্তানকে আসরে টিকে থাকতে হলে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে অবশ্যই জিততে হবে, অন্যথায় গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘন্টা বাজবে তাদের।