নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরে আসতে পারছেন না বলে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।
এর মূল কারণ হিসেবে জানা গেছে, ভারতে আগামী ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত একটি আন্তর্জাতিক এআই (AI) সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন। এছাড়া বাংলাদেশের শপথ গ্রহণের সম্ভাব্য তারিখ অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক আগে থেকেই নির্ধারিত রয়েছে।
ব্যস্ত সূচির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে না পারলেও, প্রতিবেশী বন্ধুরাষ্ট্র হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করতে লোকসভার স্পিকার এবং পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠানো হচ্ছে। এই সফরটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষায় বিশেষ তাৎপর্য বহন করছে।

















