নতুন অস্ত্র আসছে, ব্যবহার হবে বড় পরিসরে: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা করেছে যে, তারা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই যুদ্ধের ময়দানে নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র বড় পরিসরে ব্যবহার করা হতে পারে।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়েইনি গতকাল এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। খবর প্রেস টিভির।
জেনারেল নায়েইনি বলেন, ইরান যেকোনো আগ্রাসনের জবাব দিতে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। তিনি উল্লেখ করেন, ‘ট্রু প্রোমিজ-৪’ অভিযানের আওতায় এখন পর্যন্ত যে হামলাগুলো চালানো হয়েছে, তা ইরানের প্রকৃত সামরিক শক্তির কেবল একটি সামান্য অংশ।
তিনি আরও যোগ করেন, ইরানের কাছে এমন সব উন্নত অস্ত্র ও প্রযুক্তি রয়েছে যা এখনো যুদ্ধের ময়দানে বড় পরিসরে ব্যবহার করা হয়নি। আগামী প্রতিটি সামরিক অভিযানে শত্রুপক্ষকে এসব নতুন অস্ত্রের মাধ্যমে অত্যন্ত কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।
এই ঘোষণার মধ্যেই ইরান ইসরাইলের তেল আবিব শহর লক্ষ্য করে তাদের অত্যাধুনিক ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর নিশ্চিত করেছে। আইআরজিসির দাবি, এই ক্ষেপণাস্ত্রটি উচ্চ মাত্রার নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম এবং এটি সফলভাবে তার কার্যকারিতা প্রমাণ করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, আইআরজিসির এই বক্তব্য মূলত তাদের ভাণ্ডারে থাকা গোপন ও আধুনিক অস্ত্রের সক্ষমতা জানান দিয়ে শত্রুপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে চাপে ফেলার একটি বড় কৌশল।

















