প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কর কমানোর বাজেটও বিরোধী দল মানে না। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, দেশের মধ্যে অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।’
শনিবার সকালে কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কার্যক্রম শুরু করার পর সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী এমন কথা বলেন।
উপস্থিত জনগণের উদ্দেশে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন?’
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণের সমর্থনই আমাদের শক্তি। যতক্ষণ আমাদের প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে যাব।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘খবরের কাগজগুলোয় দেখলাম, এবারের বাজেটের পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বাড়েনি। কারণ, চাল, ডাল, তেল, নুনসহ সকল প্রয়োজনীয় জিনিসের ওপর যে ট্যাক্স ছিল, বর্তমান সরকার ৬০টি পণ্যের ওপর থেকে তা তুলে নিয়েছে। এর উদ্দেশ্য ও লক্ষ্য একটাই, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে।’
দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বলছে যে এই গণবিরোধী বাজেট তারা মানে না।
এ দেশ আমাদের সবার মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশই আমাদের প্রথম ঠিকানা। এই দেশই আমাদের শেষ ঠিকানা। সে জন্যই আমরা বলি এই দেশকে গড়লে আমরাই ভালো থাকব, আমাদের সন্তানেরা শান্তিতে থাকতে পারবে।’
বিএনপি জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বিএনপি সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়।
তারেক রহমান আরও বলেন, ‘এই দেশকে যদি আমরা গড়তে না পারি, তাহলে আমাদের সন্তানেরা দুঃখ–কষ্টে থাকবে। কেউ কি চায়, নিজের সন্তান কষ্টে থাকুক? কেউ আমরা চাই না। সে জন্যই আমরা একটি কথাই বলি—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’
সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান, স্থানীয় বিএনপি নেতা হারুনুর রশীদ প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ।