দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, ‘যারা শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। একটি শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া দেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না।’
রোববার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাঁশখালীর বন্যাদুর্গত পরিবারের মাঝে নতুন টিনের ঘরের চাবি হস্তান্তর করে সরকারি পুনর্বাসন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীরা সবসময় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ চান, যাতে কারখানাগুলোতে কাঁচামাল আনা এবং উৎপাদিত পণ্য সহজে বন্দরে নেওয়া যায়। মিল-কারখানা সচল থাকলে দেশে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে এবং সাধারণ মানুষের জীবিকার সুরক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। রাজনৈতিক বা সামাজিক অস্থিতিশীলতার কারণে স্থানীয় বাজার, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। গ্রামীণ ও শহর অঞ্চলের অর্থনীতিকে সচল রাখতে যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কোনো ধরনের বিভ্রান্তিকর প্ররোচনায় কান না দিয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। বলেন, তিনি বিশ্বাস করেন, দেশের মানুষ এখন নিজেদের এবং দেশের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।