রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় ‘কারুশ্রী জুয়েলার্স’ নামের একটি দোকানে টানেল কেটে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পাশের দোকানের দেয়াল কেটে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার, ১২০০ ভরি রুপা এবং নগদ ২৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী দোকান মালিক।
এই বিপুল পরিমাণ মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীর সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাহেববাজার এলাকার আবাসিক স্বর্ণা হোটেলের নিচতলায় ‘আফিয়া জুয়েলার্স’ ও ‘কারুশ্রী জুয়েলার্স’ পাশাপাশি অবস্থিত। দুর্বৃত্তরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রথমে আফিয়া জুয়েলার্সের শোরুমের তালা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর দুটি শোরুমের মাঝখানের লাগোয়া দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সের ভেতরে ঢোকে। সেখান থেকে তারা সিন্দুক ও শোকেসে থাকা সমস্ত স্বর্ণ, রুপা এবং ক্যাশ টাকা লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। তবে চুরির সময় পাশের আফিয়া জুয়েলার্স ফাঁকা থাকায় সেখান থেকে কোনো মালামাল খোয়া যায়নি।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাজুস রাজশাহী জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম অপু বলেন, এই বিপুল পরিমাণ মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অপরাধীদের আইনের আওতায় না আনা পর্যন্ত রাজশাহীর সকল জুয়েলার্স দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। চুরির খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সিআইডি ও ফরেনসিক দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।