দেড় বছর পর নিজস্ব কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

দীর্ঘ ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন শেষে নিজ কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ‘ইউনূস সেন্টার’-এ তার পুরনো কর্মতৎপরতায় যোগ দেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই প্রত্যাবর্তনের কথা জানান।
রবিবার সকালে ড. ইউনূস টেলিকম ভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। এসময় গ্রামীণ পরিবারের বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ কর্মকর্তা, ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। প্রিয় অভিভাবককে ফিরে পেয়ে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কর্মস্থলে ফেরার পরপরই তিনি সহকর্মীদের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
২০২৪ সালের ৮ আগস্ট এক ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে গঠিত সরকার দেড় বছর রাষ্ট্র পরিচালনার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে। সম্প্রতি নির্বাচিত নতুন সরকারের কাছে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
ক্ষমতা হস্তান্তর করলেও ড. ইউনূস বর্তমানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন। তবে সংশ্লিষ্ট সূত্র ও তার ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, চলতি মাস অথবা আগামী মাসের মধ্যেই তিনি যমুনা ছেড়ে রাজধানীর গুলশানে অবস্থিত তার নিজস্ব বাসভবনে ফিরে যাবেন। ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী এই বিশ্বখ্যাত অর্থনীতিবিদ এখন থেকে পুনরায় তার সামাজিক ব্যবসা ও মানবিক কর্মকাণ্ডে পূর্ণ মনোযোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

















