রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে আজ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৭ মে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের হাজিরের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযানের সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক অঙ্গনে ভুল তথ্য প্রচার করেছিলেন। অন্যদিকে, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের মাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে অভিযুক্ত।
বর্তমানে মামলাটি তদন্তাধীন এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত রয়েছে। উল্লেখ্য, এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং সাবেক আইজিপি একেএম শহিদুল হকসহ আরও ছয়জন গুরুত্বপূর্ণ আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তদন্ত সংস্থার তথ্যমতে, ওই দিনের ঘটনায় ঢাকা ও অন্যান্য জেলা মিলিয়ে মোট ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।