দায়িত্ব পেলে সরকারি গাড়ি নেবেন না, প্রয়োজনে পায়ে হাঁটবেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সম্পদের পাহারাদার হবে। জনগণের তহবিলের অপব্যবহার করবে না। প্রত্যেক সংসদ সদস্য প্রতিবছর নিজের এবং পরিবারের সকল সদস্যের সম্পদের হিসাব দেবেন। সরকারি প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না; প্রয়োজনে রিকশায় বা পায়ে হাঁটবেন এমন কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ।
শনিবার সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বক্তব্যে জানান, রাজনীতি তাঁদের পেশা নয়, রাজনীতিকে তাঁরা কর্তব্য হিসেবে নিয়েছেন। যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছেন তাঁরা দুর্নীতি চাঁদাবাজি লুণ্ঠন মামলাবাজি করেন। গত ১৫ বছর এই দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এসব টাকার মালিক এ দেশের জনগণ। বাংলাদেশের কপালে ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। চাঁদাবাজ মামলাবাজদের ভয়ে সাধারণ মানুষ অস্থির। বংশানুক্রমিকভাবে রাজার ছেলে রাজা হবে এ ধারণা পরিবর্তন করতে চান।
দুর্নীতি দেশের আগাগোড়া খেয়ে ফেলেছ উল্লেখ করে তিনি বলেন, এর জন্য সাধারণ মানুষ নয়, যারা বিগত দিনে দেশ শাসন করেছেন মূলত তারাই দায়ী। আমাদের দেশের মানুষের হাতের ছোঁয়ায় অন্য দেশের কপাল বদলে যায়। কিন্তু এ দেশের কপাল বদলায়নি। শুধুমাত্র অসৎ নেতৃত্বের কারণে। ভোটের সময় এরা জনগণের কাছে যায় পীর দরবেশ সেজে। বসন্তের কোকিল হয়ে সুবাতাস উপভোগ কার জন্য। উন্নয়নের গঙ্গা বইয়ে দেয়। পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ময়দানে নেমেছি। দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি চাঁদাবাজদের হাত বন্ধ করে দেব। ব্যবসায়ীদের রাতের ঘুম হারাম হবে না, ফুটপাতের হকারদের চোখের পানি ফেলতে হবে না।
জেলা জামায়াতের আমির মখলিছুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত এ সমাবেশে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল বাসিত আজাদ, কাজী মহসিন আহমেদ, ড. আহমদ আব্দুল কাদেরসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

















