দাপুটে খেলায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করলো জ্যোতিরা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব দাপটের সাথে শেষ করলো বাংলাদেশের মেয়েরা। শেষ সুপার সিক্স ম্যাচে নেদারল্যান্ডসকে সাত উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। এর মধ্যদিয়ে টানা সাত ম্যাচের সবগুলোতে জয়ের রেকর্ড গড়লো নিগার সুলতানা জ্যোতির দল।
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের চার ম্যাচ জয়ের পর সুপার সিক্সেও টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বাছাইপর্ব শেষ করেছে জ্যোতিরা
রোববার নেপালের মূলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান জ্যোতি। ম্যাচের শুরু থেকেই ডাচ ব্যাটারদের ওপর চড়াও হয় বাংলাদেশের মেয়েরা।
অফস্পিনার নাহিদা আক্তারের বিধ্বংসী স্পেলে নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপ ভেঙে যায়। নাহিদা ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন। মাত্র ২৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে ডাচরা, আট ওভারের মধ্যেই শীর্ষ তিন ব্যাটারকে তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন নাহিদা।
এরপর সানিয়া খুরানা ও রবিনে রেইক কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাদের জুটিতে আসে ৭৮ রান। সানিয়া ৩৭ বলে অপরাজিত ৪৩ রান করেন, আর রবিনে ৪৫ বলে করেন ৩৯ রান। ২০ ওভারে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১০২ রান।
জবাবে ব্যাট করতে নেমেই দুই ওপেনার হারায় বাংলাদেশ। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির ব্যাটে ভর করে সহজে লক্ষ্য তাড়া করতে সক্ষম হয়। নিগার ৪৪ বলে অপরাজিত ৫০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন, আর সোবহানা ২৩ বলে অপরাজিত ৩৩ রানের ঝরঝরে ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেন। ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান তুলে নেয় বাংলাদেশ।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পাশাপাশি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। আজ অনুষ্ঠিতব্য স্কটল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচের ফলেই নির্ধারিত হবে চতুর্থ ও শেষ যোগ্যতা অর্জনকারী দল।


















