হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে যাচ্ছে জাপানের একাধিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম। আগামী ১৫ বছরের জন্য তাদের সঙ্গে কনসেশন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই চুক্তির মাধ্যমে সরকার অগ্রিম হিসেবে পাবে ৮১ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। পাশাপাশি যাত্রী ও কার্গো পরিবহনের আয় থেকেও রাজস্ব পাবে বাংলাদেশ।
সোমবার (২৩ নভেম্বর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবিত চুক্তিটি অনুমোদন করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাপানি এই কনসোর্টিয়ামের নেতৃত্বে রয়েছে সুমিতোমো করপোরেশন। এর সঙ্গে যুক্ত রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন, নিপ্পন কোয়েই ও সোজিতজ করপোরেশনসহ দেশটির সরকারি-বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপি কাঠামোর আওতায় পরিচালিত হবে এই চুক্তি।
চুক্তির আর্থিক শর্ত অনুযায়ী, যাত্রী পরিবহনের মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার পাবে বাংলাদেশ। কার্গো পরিবহনের ক্ষেত্রেও মোট আয়ের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ ডলার দেওয়ার বিধান রাখা হয়েছে। এ ছাড়া প্রতিটি যাত্রীর জন্য এমবারকেশন ফি হিসেবে দিতে হবে ১২ দশমিক ৫ ডলার। বর্তমানে এই ফি আদায় করা হয় ৫০০ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের দেওয়া আর্থিক প্রস্তাব যাচাই করে ইনভেস্ট বাংলাদেশ। এরপর দর-কষাকষির মাধ্যমে চুক্তির শর্ত চূড়ান্ত করা হয়। প্রস্তাবটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিংয়ের পাশাপাশি অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নিয়েও পর্যালোচনা করা হয়েছে।
চুক্তিতে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বণ্টন নিয়েও নির্দিষ্ট শর্ত রয়েছে। আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রকল্পটি হস্তান্তরের পরবর্তী ১৪ মাসের মধ্যে তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে হবে।
তবে নতুন টার্মিনাল চালুর পর বিমানবন্দরের কার্যক্রমেও বড় পরিবর্তন আসবে। চুক্তির শর্ত অনুযায়ী, তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। পাশাপাশি চুক্তির ১৫ বছরের মেয়াদে শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন কোনো বিমানবন্দর চালু করা যাবে না।
যদিও হজ ফ্লাইট, চার্টার্ড ফ্লাইট, বাজেট এয়ারলাইনস এবং অভ্যন্তরীণ রুটের বিমান চলাচল প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকেই অব্যাহত থাকবে।
বেবিচকের হিসাব অনুযায়ী, বর্তমানে বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল মিলিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রী পরিচালনার সক্ষমতা রয়েছে। তৃতীয় টার্মিনাল যুক্ত হলে এই সক্ষমতার সঙ্গে আরও ১ কোটি ২০ লাখ যাত্রী যুক্ত হবে। ফলে সব মিলিয়ে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা দাঁড়াবে প্রায় ২ কোটি।
উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। ২০১৬ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩০ জুন।