সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্যটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আজ শনিবার (২৭ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তর নিশ্চিত করে যে, এ ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসেনি। মূলত জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং গুজব ছড়ানোর উদ্দেশ্যেই একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে এই অপপ্রচার চালাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। একই সাথে এ ধরনের কোনো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি বিনীত আহ্বান জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বা গুজব ছড়াচ্ছে, তাদের শনাক্ত করতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলো তৎপর রয়েছে।
অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে।