তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

গতকাল সকালে সচিবালয়ে নিজ দপ্তরে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো অফিস করতে এসে তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে এ বৈঠক করেন।
বৈঠকে দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
উক্ত বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।
দ্বিতীয় দিনের মতো নিজ দপ্তরে কাজে যোগদানের পর তিন বাহিনীর প্রধানদের সঙ্গে এই সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

















