
শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের পারস্পরিক মূল্যবোধের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে চায় নয়াদিল্লি।
তবে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতের এই মুখপাত্র। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’
বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা এবং এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে নয়াদিল্লির পক্ষ থেকে এমন অবস্থান জানানো হয়।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা ও সহিংসতার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অনুসারীদের দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অভিযোগ, বিদেশে অবস্থান করে শেখ হাসিনা ও তার সমর্থকেরা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছেন।
এ প্রসঙ্গে সীমান্তের ওপারের একটি দেশের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, শেখ হাসিনার সমর্থকেরা তাদের ‘প্রভুদের খুশি রাখতে’ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তবে বক্তব্যে তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো অবস্থান নিতে চায়নি ভারত।