বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে জয়ী হতে চলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দেওয়া এক পোস্টে মোদী তারেক রহমানকে ‘আন্তরিক অভিনন্দন’ জানান। তিনি লেখেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি-র নির্ণায়ক জয়ে নেতৃত্বে দেওয়ার জন্য তারেক রহমানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।” ভারত-বাংলাদেশ বহুমুখী সম্পর্ককে আরও মজবুত করতে তারেক রহমানের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে মোদী বলেন, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারতের সমর্থন অব্যাহত থাকবে।
অন্যদিকে, বিএনপির এই ‘ঐতিহাসিক বিজয়ে’ অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও। শুক্রবার সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বাংলাদেশের জনগণকে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানানো হয়। একই সাথে বিএনপি ও তারেক রহমানকে তাদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়ে ওয়াশিংটন বলেছে, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
নির্বাচনের প্রাথমিক ফলাফল ও গণনার তথ্য অনুযায়ী, ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে অনুষ্ঠিত এই ভোটে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিএনপি ইতোমধ্যে ১৭৯টি আসনে জয় বা এগিয়ে থাকার মাধ্যমে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১টি আসনের কোটা পার করে ফেলেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর ঝুলিতে রয়েছে ৬৮টি আসন। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকলেও বাকি আসনগুলোতে বিএনপির আধিপত্য স্পষ্ট। চূড়ান্ত ফল ঘোষণা বাকি থাকলেও এটি নিশ্চিত যে, দীর্ঘ সময় পর আবারও ক্ষমতায় ফিরছে প্রয়াত খালেদা জিয়ার দল।