‘তারেক ভাই’ বলে মমতার সম্বোধন, মিষ্টি ও ফুল পাঠিয়ে জানালেন রমজানের শুভেচ্ছা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা হিসেবে মিষ্টি ও ফুল পাঠিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাঁর এই উপহার গ্রহণ করেন দলটির মিডিয়া সেলের সদস্যরা।
উপহার পাঠানোর পাশাপাশি মমতা ব্যানার্জি বাংলাদেশি নাগরিকদের অভিনন্দন জানিয়ে একটি বিশেষ বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি তারেক রহমানকে ‘তারেক ভাই’ বলে সম্বোধন করেন। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি আগাম ‘রমজান মোবারক’ জানান।
মমতা ব্যানার্জি তাঁর বার্তায় লিখেন, “বাংলাদেশের সব ভাই-বোন ও জনগণকে আন্তরিক অভিনন্দন। আগাম রমজান মোবারক। এই মহান বিজয়ের জন্য তারেক ভাই, তাঁর দল এবং সব দলকে শুভেচ্ছা। সবাই ভালো ও সুখে থাকুন।”
উপহার বিনিময়ের এই ঘটনাটিকে দুই বাংলার রাজনৈতিক ও সৌজন্যমূলক সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

















