ঢাকা-৮ আসনে শান্তিপূর্ণ ভোট, তরুণরা বেশ উচ্ছ্বসিত

এবারের নির্বাচনে তুমুল আলোচিত ঢাকা-৮ আসনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন অনেক প্রার্থী। তবে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত এই আসনের জামায়াত জোট সমর্থিত এনসিপি’র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও বিএনপির প্রার্থী মির্জা আব্বাস কেউই নির্বাচনে অনিয়ম বা কারচুপির অভিযোগ তোলেননি।
এই আসনের বেশকিছু কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর বেলা যত গড়িয়েছে, ভোটারদের উপস্থিতিও বেড়েছে। ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।
তবে এবার তরুণ ভোটারদের মধ্যে বেশি উচ্ছ্বাস দেখা গেছে। কেন্দ্রের বাইরে অনেককে দেখা গেছে পরিবার-পরিজনসহ আড্ডা দিচ্ছেন।
এই আসনের তরুণ ভোটার ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহমুদা ফেরদৌস পরমা এবার প্রথম ভোট দিয়েছেন। মা ও পরিবারের অন্য সদস্যদের সাথে নিয়ে ভোট দিয়েছেন তিনি।
নিজের ভোটদানের ছবি ফেসবুকে শেয়ার করে পরমা লিখেছেন ‘‘আজ আমি শুধু ভোটই দিচ্ছি না, আমি ঢাকা-৮ আসন থেকে আমার দেশের পাশে দাঁড়াচ্ছি। একটি চিহ্ন একটি ভবিষ্যৎ গড়তে পারে, একটি পছন্দ একটি ইতিহাসকে সম্মানিত করতে পারে। এই কালি কোনো দাগ নয়; এটি গৌরব। এর মাঝে মিশে আছে ত্যাগ, আশা এবং দায়িত্ব। আমি ভোট দিচ্ছি বাংলাদেশের জন্য। সাহসের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে, গর্বের সাথে।’
মাঝবয়সী ও প্রবীণ ভোটাররাও ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের কেউ কেউ বলেছেন, ২০০৮ সালে সব শেষ ভোট দিয়েছিলেন তারা। মোটামুটি উৎসবমুখর পরিবেশে এই আসনের ভোটগ্রহণ চলেছে দুপুর পর্যন্ত। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানান, দুপুর ১টা পর্যন্ত ৩০ শতাংশের বেশি ভোট পরেছে।
ঢাকা-৮ আসনের দুই প্রতিন্দ্বন্দী প্রার্থী মির্জা আব্বাস এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যকার সাম্প্রতিক রেষারেষিতে নির্বাচনের আগে থেকেই গরম ছিল ভোটের মাঠ।

















