দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার ভেতরে বেসামরিক ড্রোন উড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এর জেরে বুধবার (৮ এপ্রিল) দিনের শুরুতে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে দুই দফা ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, প্রথম দফার মিসাইলগুলো প্রায় ২৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্ব সাগরে গিয়ে পড়ে। এর আগে গত মঙ্গলবার রাজধানী পিয়ংইয়ং থেকে একটি অজ্ঞাত বস্তু ছোড়া হলেও সেটি উৎক্ষেপণের পরপরই ব্যর্থ হয়ে মাটিতে আছড়ে পড়েছিল।
বুধবারের এই সফল উৎক্ষেপণকে উত্তর কোরিয়ার সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে উত্তর কোরিয়ার এই পদক্ষেপের পর জাপানের পশ্চিম উপকূল এবং কোরীয় উপদ্বীপ সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন এই মিসাইল উৎক্ষেপণ সংক্রান্ত সমস্ত তথ্য দ্রুত সংগ্রহ করে সাধারণ মানুষকে জানানো হয়। একইসঙ্গে পূর্ব সাগরে থাকা বিমান ও নৌযানসহ অন্যান্য জাতীয় সম্পদ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী স্পষ্ট জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে উত্তর কোরিয়ার প্রতিটি কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদি পিয়ংইয়ং কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নেয়, তবে যৌথভাবে তার কঠোর জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে।