ক্যারিয়ারের পরবর্তী সময়ে কী করবেন তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। এরপর ক্লাবে থাকবেন, অন্য কোথাও যাবেন, নাকি ফুটবলকেই বিদায় জানাবেন, সেই সিদ্ধান্ত তখনই নেবেন বলে জানিয়েছেন তিনি। এমনকি ২০২৭ সালে অবসরের সম্ভাবনাও বাদ যাচ্ছেনা ব্রাজিলিয়ান তারকার।
সোমবার সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের দাতব্য নিলামে যোগ দিয়ে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসর নেওয়ার কথা এখনো ভাবিনি, তবে কত দিন খেলতে পারব, সেটাও জানি না। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি চুক্তির মেয়াদ পূরণ করতে চাই, সান্তোসের জার্সির মর্যাদা রাখতে চাই। এরপর সিদ্ধান্ত নেব—সান্তোসে থাকব, অন্য কোথাও যাব, খেলা ছেড়ে দেব, নাকি চালিয়ে যাব।’
৩৪ বছর বয়সী নেইমার আরও বলেন, ‘ডিসেম্বর আসতে এখনো অনেক সময় বাকি। তাই এক ম্যাচ করে এগোতে চাই। শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
মঙ্গলবার সকালে বেলেমে গিয়ে সান্তোসে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের। সেখানে কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে এই ম্যাচে জিততেই হবে সান্তোসকে।
নেইমার জানিয়েছেন, এই ম্যাচে খেলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। মজার ছলে তিনি বলেন, ‘সান্তোসে কী হবে, সেটা খেলোয়াড় জানার আগেই সংবাদমাধ্যমে বেরিয়ে যায়। সাংবাদিকেরা তো আগেই লিখে ফেলেছেন আমি বেঞ্চে থাকব। তবে আমি কোচের জন্য শতভাগ প্রস্তুত। সুযোগ পেলে মাঠে নেমে দলকে জিততে সাহায্য করতে চাই।’
ব্রাজিল জাতীয় দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নেইমার। গত ২৯ জুলাই কোপা সুদামেরিকানা নকআউট প্লে–অফ ম্যাচের পর মিক্সড জোনে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ এ গোলদাতা বলেন, ‘জাতীয় দলে আমার সময় শেষ হয়েছে। ইতিহাস গড়েছি, সুখী ছিলাম। নিজের জীবন, রক্ত—সবই দিয়েছি। হলুদ জার্সিতে সব সময় লড়াই করেছি। কিন্তু এখন আর এসব চাই না।’ তার আগে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পরও নেইমার জাতীয় দল থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানান।
কিন্তু নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়রের দাবি, ছেলের সেই বক্তব্যকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা ঠিক হবে না। দাতব্য নিলামে সাংবাদিকদের তিনি বলেন, ‘অনেকে ভুল বুঝেছেন। নেইমার বলেছে, ‘আমার মনে হয়, এখানেই শেষ।’ এটা তার বর্তমান অনুভূতি, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা তো মাত্র একটি কঠিন বিশ্বকাপ শেষ করেছি। পরের বিশ্বকাপ হতে এখনো চার বছর বাকি। এত আগে সে কীভাবে নিশ্চিত সিদ্ধান্ত জানাবে?’
নেইমার সিনিয়র যোগ করেন, ‘নেইমার সব সময় নিজের মনের কথাই বলেন। এ মুহূর্তে তার মনে হচ্ছে জাতীয় দলের অধ্যায় শেষ হতে পারে। কিন্তু সেটি নিশ্চিত সিদ্ধান্ত নয়, কেবল তার বর্তমান ভাবনা।’