ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন প্রধান ব্যাগভর্তি ৭৪ লাখ টাকা বহন করার সময় বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। এ ঘটনার পর তার দল জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, আটককৃত টাকা আমির উদ্দীন প্রধানের ব্যবসায়িক অর্থ, আবার কেউ দাবি করেছেন এসব শ্রমিকদের বেতনের টাকা।
তবে আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন প্রধানের সর্বশেষ অর্থবছরের আয়কর নথি যাচাই করে দেখা গেছে তার বাৎসরিক আয় ৪ লাখ ৭৮ হাজার ৬৪১ টাকা। এছাড়াও তার মোট সম্পদের পরিমাণ ২৪ লাখ ৪৪ হাজার ৮৬৭ টাকা।

সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রশ্ন তুলেছেন, ‘যার মোট সম্পদের পরিমাণ ২৪ লাখ ৪৪ হাজার টাকা তিনি ঠিক কীভাবে নগদ ৭৪ লাখ টাকা (যা তার মোট সম্পদের তিনগুণ) একটি বাজারের ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? আর এই অর্থের উৎস কোথায়?’
তিনি লিখেছেন, ‘বেলাল উদ্দীন প্রধান জামায়াতে ইসলামীর একজন জেলা পর্যায়ের আমির। নির্বাচনের ঠিক আগের দিন তিনি কী কারণে ৭৪ লাখ টাকা বহন করছিলেন সেটা দ্রুত জানা প্রয়োজন। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন।‘