আসন্ন ঈদুল আজহার পর দেশের প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ যুক্ত করার পরিকল্পনা করছে সরকার।
আজ সোমবার (২৫ মে) ঢাকার ফার্মগেটে ৬৫ বছরের ঊর্ধ্বের প্রবীণ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়ের বিশেষ কার্ড উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের সময় ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে রোববার (২৪ মে) রাতে প্রধানমন্ত্রী আমাকে ফোন করে নির্দেশনা দেন। তাঁরই প্রেক্ষিতে চট্টগ্রাম ও সিলেট রুটের দুটি কোচে আজ থেকেই নারীরা আলাদাভাবে যাত্রা করতে পারছেন। আর ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হচ্ছে।”
মেট্রোরেলের সেবার বিষয়ে মন্ত্রী জানান, বর্তমানে সাড়ে ৪ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে। নতুন কোচ কেনা সম্ভব হলে এই সময় আরও কমিয়ে আনা যাবে। এছাড়া মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে বয়স্ক ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদের জন্যও বিশেষ ছাড়ের কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এই কার্ডের মাধ্যমে মেট্রোরেল ও আন্তঃনগর রেলে ২৫ শতাংশ ছাড় পাবেন তাঁরা।
ঈদের যাতায়াত ও সড়ক নিরাপত্তা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ঈদুল আজহা ঘিরে মাত্র দুদিনে প্রায় দেড় কোটিরও বেশি মানুষ ঢাকা ছাড়বেন। অনেক যাত্রী টিকিট না কেটে কিংবা গাড়ির জন্য অপেক্ষা না করে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করেন, যা অত্যন্ত নিরুৎসাহিত করা হচ্ছে। দেশে পর্যাপ্ত ফিট গাড়ি নেই স্বীকার করে তিনি বলেন, পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করা হবে।
গত রোববার টাঙ্গাইলে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “রোববারের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি মূলত চালকের ভুলের কারণে ঘটেছে। এতে রাস্তার ম্যানেজমেন্ট বা কাঠামোগত কোনো ত্রুটি ছিল না।”