যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় এবার রাশিয়ার সঙ্গে নতুন কৌশলগত সমন্বয় বাড়াচ্ছে ইরান। মাটির গভীরে তৈরি করেছে বিশাল মিসাইল সিটি। যেখানে শুধু ক্ষেপণাস্ত্র সংরক্ষণ নয়, যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন চালিয়ে যাওয়ার সক্ষমতা তৈরির দাবি তেহরানের। হঠাৎ কেন এমন প্রস্তুতি? ইরানের এই কৌশলে রাশিয়ার ভূমিকাই বা কী?
ঘটনার শুরু যুক্তরাষ্ট্রের ‘টাস্ক ফোর্স আয়রন গেই’ পরিকল্পনাকে ঘিরে। ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সেন্টকম এই টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয়। এর লক্ষ্য ইরানের স্থল ও সমুদ্রপথ ব্যবহার করে অস্ত্র, সামরিক প্রযুক্তি এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য পরিবহন সীমিত করা।
এখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে কাস্পিয়ান সাগর। রাশিয়া, ইরানসহ পাঁচটি দেশকে সংযুক্ত করা এই জলভাগ দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৌশলগত যোগাযোগপথ। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের মধ্যেই রাশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে তেহরান।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে কাস্পিয়ান সাগরের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ মোকাবিলায় দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের চাপের মুখে কূটনৈতিকভাবে মস্কোর সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী করতে চাইছে ইরান।
তবে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সামরিক প্রস্তুতির বার্তাও দিচ্ছে দেশটি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করেছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দেওয়া হবে। আর সম্ভাব্য যুদ্ধের ভৌগোলিক পরিসর কতদূর বিস্তৃত হবে, সেটি নির্ধারণ করবে ইরান।
এই বার্তার মধ্যেই সামনে এসেছে আইআরজিসির নতুন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মাটির গভীরে তৈরি বিশাল কমপ্লেক্সে সারিবদ্ধভাবে রাখা হয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও লঞ্চার।
তবে ইরানের দাবি, এসব স্থাপনা শুধু ক্ষেপণাস্ত্র মজুতের জন্য নয়। ভূপৃষ্ঠের সামরিক স্থাপনায় হামলা হলেও যাতে মাটির নিচে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন চালিয়ে যাওয়া যায়, সেই সক্ষমতাও তৈরি করছে তারা।
সহজভাবে বললে, যুদ্ধ শুরু হলে ইরানের সামরিক অবকাঠামোকে একসঙ্গে অকার্যকর করে দেওয়া যেন প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে ওঠে, সেটিই এই কৌশলের বড় উদ্দেশ্য।
সব মিলিয়ে ইরান এখন একই সঙ্গে তিনটি পথে এগোচ্ছে, রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়ানো, সামরিক প্রতিরোধের বার্তা দেওয়া এবং মাটির নিচে নিজেদের অস্ত্র উৎপাদনব্যবস্থা শক্তিশালী করা।
প্রশ্ন হচ্ছে, এই প্রস্তুতি কি সত্যিই যুক্তরাষ্ট্রের সামরিক চাপ মোকাবিলা করতে পারবে? নাকি মধ্যপ্রাচ্যকে ঘিরে নতুন কোনো সংঘাতের ক্ষেত্র তৈরি হচ্ছে? সেটি নির্ভর করবে আগামী দিনে ওয়াশিংটন, মস্কো ও তেহরানের পরবর্তী পদক্ষেপের ওপর।