টাকাসহ আটক আমিরের অর্থ ব্যক্তিগত ব্যবসায়িক পুঁজি, দাবি জামায়াতের

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটকের ঘটনাকে ‘অপপ্রচার’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বুধবার এক বিবৃতিতে জানান, জব্দকৃত অর্থ বেলাল উদ্দিনের একান্তই ব্যক্তিগত ব্যবসায়িক পুঁজি এবং এর সাথে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই।
এর আগে, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশিকালে আইনশৃঙ্খলা বাহিনী বিপুল পরিমাণ নগদ টাকাসহ বেলাল উদ্দিনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার সাথে থাকা ব্যাগে ৫০ লাখ টাকারও বেশি নগদ অর্থ রয়েছে। পেশায় শিক্ষক বেলাল উদ্দিন নিজেকে একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবেও পরিচয় দেন। তার দাবি, ব্যবসার কাজের জন্যই তিনি এই অর্থ বহন করছিলেন।
এদিকে, পুলিশ জানিয়েছে জব্দকৃত টাকাগুলো গণনার জন্য মেশিন ব্যবহার করা হচ্ছে এবং টাকার উৎস সম্পর্কে অধিকতর নিশ্চিত হতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জামায়াত নেতার পক্ষ থেকে বিষয়টিকে ব্যবসায়িক লেনদেন হিসেবে দাবি করায় ঘটনাটি ভিন্ন মাত্রা পেয়েছে।

















