দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) বিকেলে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই ঐতিহাসিক অর্জনের জন্য টাইগারদের প্রশংসা করেন।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, "আজ দুপুরে ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশ দলের এই গৌরবময় সাফল্যে খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।" তিনি আশা প্রকাশ করেন যে, সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মিরপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনে রোমাঞ্চকর লড়াই শেষে পাকিস্তানকে হারিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিকরা। রান তাড়া করতে নেমে টাইগার বোলারদের তোপে সফরকারীরা মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায়। ফলে ১০৪ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট জয়। এর আগে পাকিস্তানের মাটিতে গিয়ে সবশেষ দুটি টেস্ট জিতেছিল বাংলাদেশ। তবে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় অধরাই ছিল টাইগারদের জন্য। মিরপুরের এই জয়ের মাধ্যমে সেই আক্ষেপ ঘুচলো এবং পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের হ্যাটট্রিক পূর্ণ হলো বাংলাদেশের।