জুলাই গণহত্যার আসামিদের জামিন, আ.লীগের অফিস খোলায় জামায়াতের উদ্বেগ

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাদের জামিন প্রদান এবং নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও দলটির কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই উদ্বেগ প্রকাশ করেন এবং একে দেশের গণতন্ত্রের জন্য ‘অশনিসংকেত’ হিসেবে অভিহিত করেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছিল। সেই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িতদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্ষমতাসীনদের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খুলে দেওয়া হচ্ছে।” তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এসব অফিসে বসে তারা আবারও দেশবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল সুনির্দিষ্ট অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং মাদক কারবারে অভিযুক্ত সাবেক এমপি আবদুর রহমান বদিসহ ফ্যাসিবাদের দোসরদের ব্যাপক হারে জামিন দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, এই গণমুক্তির নেপথ্যে কারা সক্রিয় তা জাতির কাছে স্পষ্ট। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার সম্পন্ন হওয়ার আগেই আসামিরা মুক্তি পেলে তারা পুনরায় সহিংসতায় জড়িয়ে পড়তে পারে, যার দায়ভার সরকারকেই নিতে হবে।
গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন যে, জামিনে মুক্ত হয়ে অনেকে লুটপাট ও চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে। তিনি উদাহরণ হিসেবে শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীর জামিনে মুক্ত হয়ে পুনরায় হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনাটি স্মরণ করিয়ে দেন। একইসঙ্গে তিনি ‘সুরক্ষা অধ্যাদেশ’ উপেক্ষা করে পুলিশ হত্যার তদন্তের নামে জুলাইয়ের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন।
বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে আবদুর রহমান বদি ও সেলিনা হায়াৎ আইভীসহ জামিনপ্রাপ্ত নেতাদের দ্রুত জামিন বাতিল করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের যে সকল কার্যালয় খুলে দেওয়া হয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, অন্যথায় ছাত্র-জনতাকে সাথে নিয়ে কঠোর গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।

















