জামায়াতের আমিরের আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ

কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ‘অবমাননাকর’ মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।
রোববার ১২টার দিকে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করেন। মিছিল নিয়ে কলাভবন, রাজু ভাস্কর্য ও ঢাবি কেন্দ্রীয় মসজিদ ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা নারীদের নিয়ে করা মন্তব্যের জন্য শফিকুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা বলেন, জামায়াত কর্মজীবী নারীদের পতিতা হিসেবে দেখে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নারীদের ওপর হামলা করেছে। তারা নারীদের সমান নাগরিক হিসেবে নয়, দাসী হিসেবে দেখে।
জামায়াতের উদ্দেশে তিনি বলেন, আপনারা নারীদের আবার ঘরের মধ্যে বন্দী করতে পারবেন না। আপনাদের প্রকাশ্যে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম বলেন, নারীদের বিষয়ে জামায়াতের অবস্থান বহু বছর ধরেই স্পষ্ট। যেখানে ভোটারদের ৫২ শতাংশ নারী, সেখানে তাদের
অপমানজনক কথা বলে কীভাবে রাজনীতি করার দাবি করা যায়?
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াত আমির প্রকাশ্য ক্ষমা না চাইলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।
এদিকে, জামায়াত আমিরের নারী অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘ঝাড়ু মিছিল’ বের করেন। দুপুর দুইটার দিকে রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত মিছিলে বিভিন্ন ছাত্রসংগঠনের নারী নেত্রীরা ঝাড়ু হাতে অংশ নেন। সমাবেশ থেকে জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান বক্তারা।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা সীমা আক্তার বলেন, বাংলাদেশে যখনই নারীরা নিজেদের অধিকার নিয়ে কথা বলেন, তখনই তারা অনলাইনে হয়রানির শিকার হন।
তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা ভুয়া ও বট অ্যাকাউন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ওপর আক্রমণ চালাচ্ছে।
বাংলাদেশ ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, জামায়াত আমিরের মন্তব্যকে আইডি হ্যাক দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই দাবির প্রমাণ জনগণের সামনে তুলে ধরতে হবে।
একই দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। এতে জবি ছাত্রদলের নারী নেত্রীরা অংশ নেন।
সমাবেশে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল ছাত্রদলের সভাপতি ফারজানা আক্তার টুম্পা বলেন, দায়িত্বশীল পদে থেকে জামায়াত আমির নারীদের নিয়ে যে অশালীন মন্তব্য করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই।
জামায়াতের আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে গতকাল শনিবার বিকেলে একটি পোস্ট করা হয়। পোস্টে কর্মজীবী নারীদের সম্পর্কে ‘অসম্মানজনক’ মন্তব্য থাকায় বিষয়টি সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা।
সেখানে এক জায়গায় বলা হয়, আধুনিকতার নামে নারীদের ঘর থেকে বের করে আনার ফলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখে পড়েন। এর পর ওই বাক্যেই কর্মজীবী নারীদের সম্পর্কে ‘অত্যন্ত আপত্তিক ‘ মন্তব্য করা হয়।
তবে জামায়াত বলেছে, সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছিল। এ ঘটনায় দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় এবং থানায় একটি জিডি করা হয়েছে।


















