জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদীয় রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, রাষ্ট্রপতির এই ভাষণের বিষয়ে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দ্বিতীয় দিনের কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “আজ বিকেলে চতুর্থ সেশনের মধ্য দিয়েই আমাদের এই কর্মশালার সমাপ্তি ঘটবে। আমরা মূলত জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি আইন বিভাগ তথা জাতীয় সংসদকে কীভাবে পরিপূর্ণ মাত্রায় কাজে লাগানো যায়, তা নিয়ে কাজ করছি।”
তিনি আরও যোগ করেন, সরকারি দল হিসেবে সংসদ নেতার পক্ষ থেকে সংসদকে সব সময় প্রাণবন্ত ও কার্যকর রাখার একটি বড় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলো কীভাবে সুচারুভাবে পালন করা যায়, সেটিই এখন তাদের মূল লক্ষ্য।

















