ছেলের অভাব কি দুনিয়ার টাকায় পূরণ হয়? প্রশ্ন দীপুর বাবার

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তার পরিবার। সরকারের পক্ষ থেকে ঘোষিত ৫০ লাখ টাকার আর্থিক সহায়তার প্রতিক্রিয়ায় দীপুর বাবা রবি চন্দ্র দাস বলেন, “সারা দুনিয়ার টাকা দিলেও ছেলের অভাব পূরণ হবে না। আমি কেবল হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই, যেন আর কোনো বাবা-মায়ের কোল খালি না হয়।”
গত ১৮ ডিসেম্বর ভালুকার মাস্টারবাড়ি এলাকায় দীপুকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। গত ২৩ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা সি আর আবরার নিহতের গ্রামের বাড়ি তারাকান্দার মোকামিয়াকান্দায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মঙ্গলবার সরকার ঘোষণা করেছে, দীপুর পরিবারকে বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া তার বাবা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে নগদ অর্থ এবং সন্তানের ভবিষ্যতের জন্য ৫ লাখ টাকার এফডিআর করে দেওয়া হবে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, “এই হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ। রাষ্ট্র অবশ্যই ন্যায়বিচার নিশ্চিত করবে।”
নিহত দীপুর বাবা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার মা ও স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং বর্তমানে ওষুধ খেয়েও স্বাভাবিক হতে পারছেন না।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, দীপুর ভাই অপু দাসের করা মামলায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।

















