অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে একটি সুসংহত অবস্থানে রেখে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা দিয়ে অন্তত ছয় মাসের খাদ্য আমদানিসহ প্রয়োজনীয় ব্যয় মেটানো সম্ভব।
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট যখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন রিজার্ভ ছিল মাত্র ১৫ বিলিয়ন ডলার এবং ব্যাংকিং খাত ছিল প্রায় অচল ও দেউলিয়া হওয়ার পথে।
সংবাদ সম্মেলনে শফিকুল আলম আরও বলেন, গত ১৮ মাসে সরকার কেবল অর্থনীতি পুনর্গঠনই করেনি, বরং প্রশাসনিক ও আইনগত কাঠামোতেও আমূল পরিবর্তন এনেছে।
এই সময়ে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। ফ্যাসিস্ট শক্তির নানা অপতৎপরতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। একটি স্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থা এবং সংস্কারকৃত আইনি কাঠামো নিশ্চিত করার মাধ্যমেই অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্বের একটি পর্যায় শেষ করছে বলে তিনি মন্তব্য করেন।