
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্যারিয়ারের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। ২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা দিয়ে রাতারাতি ভারতের জাতীয় ক্রাশে পরিণত হওয়া এই অভিনেত্রী এবার নিজের পারিশ্রমিকের নতুন রেকর্ড গড়লেন। বিটাউনে গুঞ্জন উঠেছে, তার আগামী সিনেমা ‘ককটেল ২’-এ সহ-অভিনেতা শাহিদ কপূরের পরেই সবচেয়ে বেশি পারিশ্রমিক পকেটে পুরেছেন রাশমিকা।
জানা গেছে, বর্তমানে ছবিপ্রতি প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক হাঁকাচ্ছেন এই অভিনেত্রী, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও এই বিষয়ে রাশমিকার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
কন্নড় সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখা রাশমিকার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় অল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করা ‘শ্রীভল্লী’ চরিত্রটি। ‘পুষ্পা’র আকাশচুম্বী সাফল্যের পর ছবিপ্রতি মাত্র ৩ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন রাশমিকা। তবে সময়ের সাথে সাথে দক্ষিণ ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান ব্যস্ততা বেড়েছে তার।
একের পর এক বড় বাজেটের সিনেমা আর নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের সুবাদে নিজেকে ভারতের অন্যতম শীর্ষ চাহিদাসম্পন্ন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আর সেই চাহিদারই প্রতিফলন দেখা গেল ‘ককটেল ২’ ছবির পারিশ্রমিকে।