
এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার সিডনিতে অনুষ্ঠিত এই ম্যাচে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পিটার বাটলারের শিষ্যদের।
ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে বাংলাদেশ। ১১ মিনিটে গোলরক্ষক মিলি আক্তার একটি নিশ্চিত গোল প্রতিহত করেন। ১৪ মিনিটে পাল্টা আক্রমণে গিয়ে ঋতুপর্ণা চাকমা দূরপাল্লার এক শট নিলেও তা চীনের গোলরক্ষক রুখে দেন। ম্যাচের ২৪ মিনিটে ওয়াং শুয়াংয়ের একটি গোল অফসাইডের কারণে ভিএআরে (VAR) বাতিল হয়। তবে প্রথমার্ধের শেষ দিকে ৪৪ মিনিটে ওয়াং শুয়াং এবং এক মিনিট পরেই যাং রুই গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় চীন।
বিরতির পর দ্বিতীয় অর্ধে বাংলাদেশ নিজেদের রক্ষণভাগ আরও জমাট করে তোলে। নবিরন ও আফঈদা খন্দকারদের দৃঢ়তায় দ্বিতীয়ার্ধে চীন আর কোনো গোল করতে পারেনি। গোলরক্ষক মিলি আক্তার বেশ কয়েকটি আক্রমণ নসাৎ করে দেন। বিপরীতে বাংলাদেশও প্রতি-আক্রমণে গিয়ে কয়েকবার সুযোগ তৈরির চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নয়বারের চ্যাম্পিয়ন চীন।